গণভোট বাতিল হলে হুমকির মুখে পড়বে সংসদ: শিশির মনির
উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ মার্চ, ২০২৬, আপডেট ১৫:২০
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোট বাতিল হলে আইনগত হুমকির মুখে পড়বে নির্বাচিত সংসদ। স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ ও গুম প্রতিরোধ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।শিশির মনির বলেন, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই সরকার গণভোটসহ অন্তর্বর্তী সরকারের অনেক অধ্যাদেশ বাতিল করতে চাচ্ছে।
তিনি আরও বলেন, গুম কমিশন, দুদক সংস্কার কমিশন, সুপ্রিমকোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ ২০টির মতো অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে।
জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য হয়েছিল। সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে।
ইউডি/এআর

