তিন মামলায় জামিন পেলেন কন্ঠশিল্পী মমতাজ
উত্তরদক্ষিণ। সোমবার, ১৫ জুন, ২০২৬, আপডেট ১৬:৫৭
রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলাসহ তিন মামলায় সাবেক এমপি শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট খায়রুন নেছা।
এর আগে রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে কোন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
গত বছরের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেফতার হন মমতাজ।
সংগীতশিল্পী মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে পরাজিত হন। মমতাজ বেগম এর আগেও একাধিকবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউডি/রেজা

