পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৩০
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনলাইনভিত্তিক বিনিয়োগের নামে বড় ধরনের প্রতারণার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের প্রলোভন দেখিয়ে পরিচালিত এমটিএফই (মেটারভার্স ফরেন এক্সচেঞ্জ) প্ল্যাটফর্মের মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে সিআইডি।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি মো. আবুল বাশার তালুকদার জানান, প্রতারণার মাধ্যমে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার; যার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালের ২৮ আগস্ট খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে তদন্ত শুরু হয়। ওই মামলায় এক ভুক্তভোগী প্রায় দুই লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হওয়ার অভিযোগ করেন।
পরবর্তীতে তদন্তে উঠে আসে, এমটিএফই প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য বিনিয়োগকারী কোটি কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন।
তিনি বলেন, ‘এমটিএফই পনজি স্কিম’ (MTFE Ponzi Scheme)-এর মাধ্যমে দুই লাখ টাকার প্রতারণার শিকার হয়ে রাজধানীর খিলগাঁও থানায় ২০২৩ সালের ২৮ আগস্ট একটি মামলা দায়ের করা হয়। মামলায় এক ভুক্তভোগী প্রায় ২ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হওয়ার অভিযোগ করেন। পরে সিআইডির তদন্তে উঠে আসে, এ প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য বিনিয়োগকারী কোটি কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন।
ইউডি/এআর

