আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, আপডেট ১৬:০০
পহেলা বৈশাখ উদ্যাপনে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না। নামকরণের বিতর্ক অনর্থক, যা দেশকে আরও বিভক্ত করবে।
পহেলা বৈশাখ পালনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানালেও তাদের কোনো ভুলকে বর্তমান সরকার রাখবে না বলেও জানান তিনি।
যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় এ বছরের পহেলা বৈশাখ উদ্যাপন করা হবে জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব অংশীজনের সঙ্গে সমন্বিত বৈঠক হয়েছে।
অপসংস্কৃতি বা জীবনবিমুখ সংস্কৃতি থাকবে না মন্তব্য করে মন্ত্রী আরও জানান, বৈশাখ উদ্যাপনে শোভাযাত্রা, আল্পনা, গানবাজনা, মেলা হবে দেশের বিভিন্ন জায়গায়।
ইউডি/কেএস

