তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই

তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া অমুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, আপডেট ১৮:৩০

অমুক্তিযোদ্ধা হয়েও যারা ‘তন্ত্র-মন্ত্র’ বা অনৈতিক উপায়ে বীর মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়েছেন এবং নানা সুবিধা নিয়েছেন, তাদের তালিকা দ্রুতই জাতির সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

আহমেদ আযম খান বলেন, অমুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তিনি আরও বলেন, “আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই ধরনের অমুক্তিযোদ্ধা– যারা তন্ত্র-মন্ত্র দিয়ে তালিকায় সন্নিবেশিত হয়েছেন, সন্তানদের চাকরি দিয়েছেন এবং নিজেরাও বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন, তাদের বিষয়টি আমরা সুনির্দিষ্ট সংখ্যাসহ জাতির সামনে উপস্থাপন করতে পারব।”

সংসদে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধ ভবনের অবস্থান নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে। এ বিষয়ে ইতোমধ্যেই বিভিন্ন অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “১৮ বছরের ফ্যাসিবাদী সরকারের সময়ে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। তাদের মুক্তিযুদ্ধের সনদ স্থগিত করা হয়েছিল এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছিল। আর এই সুযোগে অনেক অমুক্তিযোদ্ধা তালিকায় ঢুকে পড়েছেন।”

মন্ত্রী আরও জানান, ওই সব অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভাতা ও অন্যান্য অবৈধ সুবিধা গ্রহণ করেছেন। এসব অনিয়ম চিহ্নিত করে প্রকৃত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading