রিয়ালকে রেকর্ড ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনা

রিয়ালকে রেকর্ড ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সেলোনা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৫০

বার্সেলোনা নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে দলটি যেখানে তাদের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ। গত মৌসুমের হতাশা কাটিয়ে উঠতে এবারের টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে চায় বার্সেলোনা, এমনটাই জানিয়েছেন ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন।

দ্বিতীয় লেগে ক্লাসিকো প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে ৬-০ গোলে বিধ্বস্ত করার পরই এমন মন্তব্য করেন এই নরওয়েজিয়ান তারকা। ম্যাচে জোড়া গোল করেন হ্যানসেন। এছাড়া গোল পান আলেক্সিয়া পুতেয়াস, আইরিনে পারেদেস, এভা পাজর এবং এসমি ব্রুগ্টস। সব মিলিয়ে দুই লেগে ১২-২ ব্যবধানে জিতে দাপুটে জয় নিশ্চিত করে বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলের ব্যবধান। এর চেয়ে বেশি গোল হয়েছিল কেবল ২০০৫-০৬ মৌসুমে টারবাইন পটসডাম বনাম ভ্যালুর ম্যাচে (২১ গোল)।

এবার ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। গত মৌসুমে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা, সেই হতাশার প্রতিশোধ নিতে চায় দলটি। সেই ম্যাচে পূর্ণ সময় খেলেছিলেন হ্যানসেন, আর এবার এক ধাপ এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

তিনি বলেন, “ফুটবলে এমনটা হয়। পুরো মৌসুম ভালো খেললেও শেষ পর্যন্ত ফাইনালে পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ, যেটা আমরা গতবার পারিনি। তাই আমরা আবার ফাইনালে উঠতে চাই এবং প্রমাণ করতে চাই যে আমরা ফাইনালেও ভালো খেলতে পারি। আমরা আগে তা করেছি, আবারও করতে চাই।”

সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৫ ম্যাচে ২৪টিতেই জয় পেয়েছে বার্সেলোনা (হার ১টি)। কাপ প্রতিযোগিতায় ১৩ ম্যাচেই জিতেছে তারা, যেখানে মোট গোল ব্যবধান ৫১-৭। দ্বিতীয় লেগেও বার্সেলোনা ছিল পুরোপুরি আধিপত্য বিস্তারকারী দল। ৩৩টি শট নিয়ে তাদের প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল ৫.৩৬, যার মধ্যে ১৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়ালের ৮টি শট থেকে এক্সজি ছিল মাত্র ১.০৭।

দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ পেরে রোমেউ। তিনি বলেন, “এখানে কাজ করতে পারাটা আমার জন্য গর্বের। শুধু এমন ম্যাচের জন্য নয়, পুরো দলটাই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ওরা উন্নতি করতে চায়, শুরু থেকে শেষ পর্যন্ত একই তীব্রতায় খেলে। টাই প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরও এমন ক্ষুধা ধরে রাখা অবিশ্বাস্য। এই দলটিকে প্রশংসা করতেই হবে। এত সাফল্য পেয়েও তারা কখনো নিজেদের মান কমায় না।”

অন্যদিকে টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হলো রিয়াল মাদ্রিদকে। গত মৌসুমে আর্সেনালের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। রিয়াল কোচ পাও কেসাদা স্বীকার করেছেন, পুরো ম্যাচেই তারা পিছিয়ে ছিল। তিনি বলেন, “বার্সেলোনা আমাদের ওপর দিয়ে ঝড়ের মতো বয়ে গেছে। সব দিক থেকেই তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল।”

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading