লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, আপডেট ২২:৪৫

দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা নামলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে জয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো গ্র্যান্ড ফিনালের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।

তারকাখচিত এই আয়োজনে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মুকুটের পাশাপাশি বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি; সেই সঙ্গে একটি বিলাসবহুল গাড়িও বুঝিয়ে দেওয়া হয়।

এবারের আসরে ফার্স্ট রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম এবং সেকেন্ড রানার আপের শিরোপা জিতেছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। চূড়ান্ত পর্বের লড়াইয়ে এই তিনজনের সঙ্গে আরও অংশ নিয়েছিলেন খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা এবং ঢাকার তিস্তা পাল। পাঁচ প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিচারকদের রায়ে সেরার তালিকায় জায়গা করে নেন তারা।

সাত বছর পর এই আয়োজনটি ফিরে আসায় শুরু থেকেই সাধারণ দর্শক ও শোবিজ অঙ্গনে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে সেরা দশ এবং পরবর্তীতে সেরা পাঁচ প্রতিযোগী চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছিলেন। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও বিনোদন জগতের বিশিষ্ট তারকারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading