সন্ধ্যার পর থেকে সিনেমা চালাবে না দুই সিনেপ্লেক্স

সন্ধ্যার পর থেকে সিনেমা চালাবে না দুই সিনেপ্লেক্স

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৩৩

জনপ্রিয় মাল্টিপ্লেক্স ‘ব্লকবাস্টার সিনেমাস’-এ রবিবার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব ধরনের সিনেমা প্রদর্শনী বন্ধ থাকবে। ঈদের আমেজ কাটতে না কাটতেই দর্শকদের জন্য এমন আকস্মিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে সংহতি রেখেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেসব দর্শক ইতোমধ্যে অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ব্লকবাস্টার সিনেমাসের এই ঘোষণার পর রাজধানীর অন্যান্য প্রেক্ষাগৃহ নিয়েও দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ‘স্টার সিনেপ্লেক্স’-এর অগ্রিম টিকিট কাটা দর্শকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমে জানান, আমরা সরকারি বিষয়টি সম্পর্কে অবগত আছি। সেটি নিয়ে পর্যালোচনা করছি। তবে আপাতত ৫ ও ৬ এপ্রিল সন্ধ্যা ৬টার পরের সকল শো আমরা স্থগিত করেছি। এরপরের সিদ্ধান্তগুলো আমরা ধারাবাহিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে জানাবো।

এছাড়াও স্টার সিনেপ্লেক্সের অফিসিয়াল সাইটে দেখা যায়, সেখানে গতকাল (৫ এপ্রিল) সন্ধ্যার দিকের স্লটে কোনো সিনেমা রাখা হয়নি। সর্বশেষ শো-টি রাখা হয়েছে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার শিডিউলে; এর পরে আর কোনো শো দেখা যায়নি।

বর্তমানে প্রেক্ষাগৃহগুলোতে ঈদের বেশ কিছু আলোচিত সিনেমা চলছে। সন্ধ্যার শো বন্ধ হয়ে যাওয়ায় বক্স অফিসে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading