ব্যয়সীমা কমাল সরকার, সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ
উত্তরদক্ষিণ। রবিবার (০৫ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:২০
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতাসাধন নীতি আরোপ করেছে সরকার। এ লক্ষ্যে সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য একাধিক খাতে ব্যয় হ্রাস ও স্থগিতের নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার অর্থবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, আপ্যায়ন খাতে অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। একইভাবে মন্ত্রণালয়, বিভাগ ও দফতর কর্তৃক পরিচালিত অভ্যন্তরীণ প্রশিক্ষণ খাতেও অব্যয়িত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয়ের অনুমতি দেয়া হয়েছে। তবে সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালিত প্রশিক্ষণ এ সীমাবদ্ধতার বাইরে থাকবে।
সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে পরিপত্রে। এতে বলা হয়, বিদ্যুৎ, পেট্রোল-অয়েল-লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি এবং ভ্রমণ ব্যয় খাতে অবশিষ্ট বরাদ্দের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যয় করা যাবে। এর বেশি ব্যয় করলে ভবিষ্যতে কোনো বকেয়া দাবি গ্রহণ করা হবে না। সেমিনার ও কনফারেন্স খাতে অবশিষ্ট অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয়ের অনুমতি থাকলেও এসব আয়োজনের আপ্যায়ন ব্যয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।
ইউডি/এবি

