দ্বিতীয় সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি

দ্বিতীয় সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৪০

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এরই মধ্যে তাঁর মাথায় দুটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ কাজ করছে।

নিজের বর্তমান অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে তানিয়া জানান, অস্ত্রোপচারের পর মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। তাঁর ভাষ্য, ‘যখন সার্জারি হলো, মাথায় ইমোশনাল কিছু নিতে পারতাম না। বাচ্চাদের মতো একটা অবস্থায় চলে গিয়েছিলাম, একটুতেই কান্না আসত। এখন শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে সার্জারির কারণে চোখ ও নাকে সমস্যা হয়, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না।’

অসুস্থতার কারণে এবারের ঈদে নিজের কাজগুলো নিয়ে খুব একটা ভাবার সুযোগ পাননি এই অভিনেত্রী। ঈদের নাটকগুলোর প্রশংসা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্তদের প্রশংসা শুনে অবশ্যই ভালো লাগছে। কিন্তু অসুস্থতার কারণে কখন কোন নাটকের শুটিং করেছিলাম, তা এখন আর মনে নেই। ঈদের পুরোটা সময় চিকিৎসার মধ্যেই কেটেছে।’

ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের কাজ দেখার বিষয়ে তানিয়া জানান, বেশ কয়েক দিন আগে ‘সুপ্তাদের বাড়ি’ নাটকের ট্রেলার দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। অভিনেত্রী বলেন, ‘ট্রেলার দেখেই আমি কেঁদে ফেলি। মাথার সমস্যার কারণে নাটকটি দেখে একটু পরপর কেঁদেছি। মাথাব্যথা যাতে না বাড়ে, তাই পরে দেখা বন্ধ করতে হয়েছে। একটু সুস্থ বোধ করলে নিজের সব কাজ দেখব।’

তানিয়া বৃষ্টির মতে, ইমরাউল রাফাত পরিচালিত ‘সুপ্তাদের বাড়ি’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। শুটিংয়ের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘অসুস্থ হওয়ার আগে এই নাটকের শুটিংয়ে তিন দিন টানা কাঁদতে হয়েছে। এটি আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছে। মা-বাবা-বোন নিয়ে সাজানো জীবন থেকে প্রিয় মানুষগুলো যখন হারিয়ে যায়, সেই কষ্ট আমি প্রতিটি সেকেন্ডে অনুভব করেছি। আমার মনে হয়, এই নাটকে আমি সত্যিই অভিনয় করতে পেরেছি।’

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে। তানিয়ার কথায়, ‘চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা জানিয়েছেন তৃতীয় সার্জারিও করাতে হবে। তবে এখনই নয়, নিউরোসার্জনরা প্রস্তুতি নিচ্ছেন এবং এর জন্য আরও কয়েক মাস সময় লাগবে।’

গত ফেব্রুয়ারি মাসে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর প্রকাশ পায়। ১৫ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি হাসপাতালে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয় তার।

এরপর ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তার দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। সেবার টানা ১৪ দিন হাসপাতালে থাকার পর গেল ২৩ মার্চ দেশে ফেরেন অভিনেত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading