২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উত্তরদক্ষিণ। সোমবার (০৬ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:২০
আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সোমবার (৬ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন- ‘সুসংবাদ! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। (সম্ভাব্য তারিখ: ২৭ এপ্রিল ২০২৬ ইং)’
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, প্রধানমন্ত্রী যশোর আসবেন এটি নিশ্চিত হয়েছে। সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইউডি/এবি

