দায়িত্ব নেওয়ার দিনই নির্বাচন করার ঘোষণা দিয়ে রাখলেন তামিম
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:১৫
সংবাদ সম্মেলনের শুরুতে তামিম ইকবাল নিজের বক্তব্য দিলেন। বোর্ডের মুখপাত্র ঠিক করা হয়েছে যাকে, সেই তানজিল চৌধুরি এরপর তুলে ধরলেন প্রথম সভার নানা দিক। তারা দুজনই জানালেন, কোনো প্রশ্নোত্তর পর্ব থাকছে না এ দিন। তার পরও একটি প্রশ্নের অনুরোধে সাড়া দিলেন তামিম। বিসিবির নতুন প্রধান জানালেন, বিসিবির আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন।
বিসিবির গত নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন তামিম। মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তবে নির্বাচনে সরকারের হস্তক্ষেপসহ নানা অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। একইরকম অভিযোগে সরে দাঁড়ান সম্ভাব্য প্রার্থীদের অনেকেই।
সেই বিসিবি নির্বাচনে জিতেই পরে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশে রাজনৈতিক পালাবদলের পর সেই নির্বাচনের অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির পর্যবেক্ষণের প্রেক্ষিতেই আমিনুলের বোর্ড ভেঙে দিয়ে তামিমকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।
বোর্ডের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি এই অ্যাডহক কমিটির বড় দায়িত্ব, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। দায়িত্ব গ্রহণের পর বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, সেই নির্বাচনে অংশ নেবেন তিনি। পাশাপাশি আগ্রহী সবাইকে অনুরোধ করলেন নির্বাচনে অংশ নিতে।
ইউডি/এবি

