বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, আপডেট ২৩:২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমানের সাবেক কর্মকর্তা সৈয়দ মইন উদ্দিন আহমেদ।
একইসঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের পরিচালক (ফিন্যান্স) করা হয়েছে হাবিব উল্লাহ মনজুকে।
মঙ্গলবার তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাউজার সোহেল আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিমানে গত কয়েক বছর ধরে ডিএমডি পদটি ফাঁকা ছিল।
ইউডি/কেএস

