রিয়ালকে হারিয়ে নয়্যারের প্রশংসায় বায়ার্নের কোচ

রিয়ালকে হারিয়ে নয়্যারের প্রশংসায় বায়ার্নের কোচ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:০০

এক যুগ পর রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। সেটিও আবার লস ব্লাঙ্কোসদেরই ঘরের মাঠে গিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের এই ম্যাচে জার্মান জায়ান্টদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। রিয়ালের বেশ কয়েকটি আক্রমণ পরাস্ত করেছেন তিনি, নিজের পোস্ট রেখেছেন নিরাপদ। এ কারণেই ২-১ গোলের জয় নিয়ে ফিরতে পেরেছে বায়ার্ন। এমন পারফর্ম্যান্সের পর তাই কোচ ভিনসেন্ট কোম্পানির প্রশংসায় ভাসছেন নয়্যার।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লুইস দিয়াজ ও হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। পরে কিলিয়ান এমবাপে একটি গোল শোধ করলেও ম্যাচজুড়ে অসাধারণ সেভ করে রিয়ালকে আটকে রাখেন নয়্যার। ম্যাচসেরাও হন তিনি।

কোম্পানি বলেন, “সে যদি ম্যাচের সেরা খেলোয়াড় হয়, তাহলে আমি খুশি। এই পর্যায়ের ম্যাচে বিশেষ পারফরম্যান্স দরকার হয়।” তিনি আরও বলেন, “আজ আমাদের আরও গোল করার সুযোগ ছিল। আশা করি পরের ম্যাচেও এই ফর্ম ধরে রাখতে পারব, আর তখন আমাদের ফরোয়ার্ডরাই পার্থক্য গড়ে দেবে।” দুইবার চ্যাম্পিয়নস লিগ ও ১২বার বুন্দেসলিগা জেতা নয়্যারের দীর্ঘ ক্যারিয়ার নিয়েও প্রশংসা করেন কোম্পানি। “নয়্যার খুবই ব্যতিক্রমী। এত দীর্ঘ সময় ধরে এমন পারফরম্যান্স ধরে রাখা খুব কম গোলরক্ষকের পক্ষেই সম্ভব।”

বার্নাব্যুতে জয়কে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন বায়ার্ন কোচ। “এই মাঠে জয় পাওয়া সবসময়ই বড় ব্যাপার। এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। পরের লেগ আমাদের মাঠে, তাই জয়ের লক্ষ্য নিয়েই নামব।”

এই ম্যাচে জয়সূচক গোল করা কেইনও সতর্ক থাকতে বলছেন সতীর্থদের। “আজ আমরা ভালো খেলেছি। তবে ব্যবধান মাত্র এক গোল- এটা দ্রুত বদলে যেতে পারে। তাই একইভাবে খেলতে হবে পরের ম্যাচেও,” বলেন ইংল্যান্ড অধিনায়ক। অন্যদিকে হারের পরও ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছেন না রিয়াল কোচ আলভারো আরবেলোয়া। “দ্বিতীয়ার্ধে একটু ভাগ্য থাকলে হয়তো এই হার এড়ানো যেত। আমরা গোল করে আশা জাগিয়েছিলাম, কিন্তু আরও সুযোগ কাজে লাগাতে পারিনি,” বলেন তিনি।

তার বিশ্বাস, দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানো সম্ভব। “সহজ হবে না, কিন্তু মিউনিখে গিয়ে যদি কোনো দল জিততে পারে, সেটা রিয়াল মাদ্রিদই।” চোট কাটিয়ে ফেরা জুড বেলিংহাম দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ভালো খেলেন। তাকে নিয়েও সন্তুষ্ট আরবেলোয়া। “ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছে সে। তার মতো খেলোয়াড় আমাদের খুব দরকার- যে চাপ কাটিয়ে বল নিয়ে এগোতে পারে,” বলেন কোচ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading