ইরানের ‘সব নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের, ফের সংঘাতের পথে মধ্যপ্রাচ্য?
উত্তরদক্ষিণ। রবিবার (১২ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:০০
আমেরিকার সামরিক বাহিনী ‘ইরানের যা কিছু অবশিষ্ট আছে, তা নিশ্চিহ্ন করে দেবে’ বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর এ হুমকি দিলেন তিনি।
প্রতিবেদন অনুসারে, পাকিস্তানে অনুষ্ঠিত ইরান-আমেরিকার এই আলোচনা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশ দু’টির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রোববার (১২ এপ্রিল) কোনো চুক্তি ছাড়াই বৈঠকটি শেষ হয়। তাৎক্ষণিকভাবে আবার সংঘর্ষ শুরু না হলেও বিশ্বনেতারা দ্রুত উভয় পক্ষকে বিদ্যমান অস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার পর পাকিস্তান ত্যাগ করেন এবং জানান, ওয়াশিংটন তেহরানকে তাদের ‘চূড়ান্ত ও সেরা প্রস্তাব’ দিয়েছিল।
ইসলামাবাদের আলোচনা শেষে ট্রুথ সোশ্যালে দেয়া দুটি আলাদা পোস্টে ট্রাম্প জানান, প্রায় ২০ ঘণ্টা ধরে আলোচনা চলে এবং বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়েছিল। তবে তিনি বলেন, একমাত্র ব্যতিক্রম ছিল পারমাণবিক ইস্যু।
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘আমেরিকার নৌবাহিনী অবিলম্বে হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজকে অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে।’
ইউডি/এবি

