১০ ঘণ্টায় ৩ দুর্ঘটনা, যানজটে স্থবির ঢাকার একাংশ

১০ ঘণ্টায় ৩ দুর্ঘটনা, যানজটে স্থবির ঢাকার একাংশ

উত্তরদক্ষিণ। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৩০

১০ ঘণ্টার ব্যবধানে রাজধানীর তেজগাঁও এলাকায় তিনটি দুর্ঘটনার কারণে বুধবার দিনভর যানজটে প্রায় স্থবির হয়ে পড়ে ঢাকার একাংশ।

সকাল ৮টার দিকে এফডিসির সামনে রেইনবো ক্রসিংয়ে এক্সপ্রেসওয়ে থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি বাস। দোতলা বাস হওয়ায় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে বড় রেকার এনে সেটি সরাতে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে। এসময় এক্সপ্রেসওয়ে কোনো গাড়ি নামতে পারেনি। আবার হাতিরঝিল থেকে রেইনবো ক্রসিং হয়ে কোনো যানবাহন চলাচল করা সম্ভব হয়নি। এ কারণে পহেলা বৈশাখের পর প্রথম কর্মদিবসে তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, লাভরোড, মহাখালী, ফার্মগেটম সাতরাস্তাসহ আশপাশ এলাকায় অসহনীয় যানজট তৈরি হয়।

এদিকে দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সরিয়ে নেওয়ার পর ১১টার দিকে একই ক্রসিংয়ে আরেকটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারায়। এ কারণে ওই ক্রসিংয়ের কয়েকটি লেনে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। ক্রেন দিয়ে সেটি সরানোর পর পরিস্থিতি কিছুটা উন্নতি হতে থাকে। তবে দুর্ঘটনার জের ধরে সারা দিন অত্যন্ত ধীর গতিতে আশপাশের সড়কে গাড়ি চলাচল করে।  

এছাড়া আজ সন্ধ্যার দিকে তেজগাঁও এলাকার লাভরোডের দিক থেকে ফ্লাইওভার হয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় আজমেরি পরিবহনের একটি বাস বিকল হয়ে পড়ে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এরপর বিকল বাস রেকার দিয়ে সরানো হয়। 

পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, একই দিনে তিনটি দুর্ঘটনার কারণে তেজগাঁও শিল্পাঞ্চল ও আশপাশের যানজটের ভোগান্তি তৈরি হয়। এর পাশাপাশি পেট্রোল পাম্পে তেলের জন্য গাড়ির সারিও দুর্ভোগ কিছুটা বাড়িয়ে তুলছে। কোথাও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা করা হয়। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading