দুদকের আবেদনে ১ মাসে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আদেশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:০০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত মাসে (মার্চ) ২৮ কোটি ৫১ লাখ টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ১৫ কোটি ৬৪ লাখ ৯২ হাজার টাকার স্থাবর ও ১২ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা উপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট আদালতের ১২টি আদেশে স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক, অবরুদ্ধের হিসাব সংরক্ষণ করেছে। গত মাসে পাঁচটি আদেশে ১৫ কোটি ৬৪ লাখ ৯২ লাখ টাকার স্থাবর সম্পদ ক্রোক করা হয়। একই সময়ে সাতটি আদেশে ১২ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার টাকার অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়।
ক্রোক সম্পদের মধ্যে রয়েছে, ৬ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ১৭ একর জমি, ১ কোটি ৮২ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের একটি ভবন, ৭৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি টিনসেড বাড়ি, ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের তিনটি ফ্ল্যাট, ৩৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের একটি পুকুর, ১২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চারটি বাণিজ্যিক স্পেস ও ১ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকা মূল্যের একটি পাকা বাড়ি।
আদালতের সাতটি আদেশে অবরুদ্ধ সম্পদগুলো হলো, ৭৪টি ব্যাংক হিসাবে স্থিতি ৫ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার টাকা, ব্যাংকের আটটি সঞ্চয়ী হিসাবে স্থিতি ২৯ কোটি ৮১ লাখ ৯৭ টাকা, একটি চলতি হিসাবে স্থিতি ৫৯, লাখ ১৩ হাজার টাকা, তিনটি ক্রেডিট কার্ডে স্থিতি ১ কোটি ২৬ লাখ টাকা, দু’টি টিএম.এস.ডি হিসাবে স্থিতি ১ লাথ ৮৮ হাজার টাকা, টিএমএসডির অরও একটি হিসাবে ১৪ লাখ ১৩ হাজার টাকা, পাঁচটি এফডিআর এ স্থিতি- ৯৯ লাখ ৯৬ হাজার টাকা দু’টি টিবিও হিসাবে স্থিতি ৯৩ লাখ ২৫ হাজার টাকা, একটি সঞ্চয়পত্রে স্থিতি ১৫ লাখ টাকা ও চারটি মেয়াদি আমানতে স্থিতি ৫ কোটি ১৩ লাখ টাকা।
ইউডি/কেএস

