যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৭৬২
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৪৭
আগামী ২১ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবার ২০২৬ সালে যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। গত বছর যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে। এ বছরের পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডের ২ হাজার ৫৭২টি মাধ্যমিক স্কুল থেকে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে। এ বছরের ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন।
এসব পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী ৩৯ হাজার ৪২৬ জন, মানবিক বিভাগের শিক্ষার্থী ৮২ হাজার ৪১১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ১৩ হাজার ২৫২ জন।
এবার যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলার ৪০৪ স্কুলের পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৪২৮ জন। তার মধ্যে ১০ হাজার ৬১০ জন ছাত্র ও ১০ হাজার ৮১৮ জন ছাত্রী। বাগেরহাট জেলার ২৯৫ স্কুলের পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬ জন। তার মধ্যে ছাত্র ৫ হাজার ৫৫০ জন, ছাত্রী ৬ হাজার ৩৭৬ জন। সাতক্ষীরা জেলার ২৯৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ২৪৭ জন। তারমধ্যে ৭ হাজার ১২৯ জন ছাত্র ও ৭ হাজার ১১৮ জন ছাত্রী। কুষ্টিয়া জেলার ২৭২ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৪৯ জন। তারমধ্যে ছাত্র ৯ হাজার ৬৭৮ জন ও ছাত্রী ১০ হাজার ৭১ জন। চুয়াডাঙ্গা জেলার ১৪১ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯৬২ জন। তারমধ্যে ৪ হাজার ৪৬৯ জন ছাত্র ও ৪ হাজার ৪৯৩ জন ছাত্রী। মেহেরপুর জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ২০০ জন। তারমধ্যে ৩ হাজার ৯৮ জন ছাত্র ও ৩ হাজার ১০২ জন ছাত্রী। যশোর জেলার ৪৮৯ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৮৮ জন। তারমধ্যে ১১ হাজার ৬ জন ছাত্র ও ১১ হাজার ৮২ জন ছাত্রী।
নড়াইল জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৬৪ জন। তার মধ্যে ২ হাজার ৮৭৭ জন ছাত্র ও ৩ হাজার ১৮৭ জন ছাত্রী। ঝিনাইদহ জেলার ২৭৪ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৩৪৯ জন। তার মধ্যে ৮ হাজার ৫৭৮ জন ছাত্র ও ৭ হাজার ৭৭১ জন ছাত্রী। মাগুরা জেলার ১৬৬ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৭৬ জন। তারমধ্যে ৩ হাজার ৯৩৩ জন ছাত্র ও ৪ হাজার ১৪৩ জন ছাত্রী।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৯৯ জন কেন্দ্র সচিবকে নিয়ে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নিজে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। পরীক্ষা পরিচলনা করার জন্য বোর্ডের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। সবমিলে আশা করছি শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে। এছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে পরীক্ষা আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ইউডি/রেজা

