রূপকথার রাজকন্যার সাজে জয়া!
উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:২০
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিজের অভিনয়, ফ্যাশন ও নান্দনিক উপস্থিতির মাধ্যমে নিয়মিতই ভক্তদের মুগ্ধ করেন তিনি। এবারো তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি রাজকীয় সাজে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জয়া, যা প্রকাশের পরপরই নেটিজেনদের নজর কেড়েছে।
প্রকাশিত ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে একেবারে রূপকথার রাজকন্যার মতো সাজে। তার পুরো লুকে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য, আভিজাত্য ও আধুনিকতার নান্দনিক মেলবন্ধন। ছবিতে জয়ার পরনে সোনালি সুতায় কাজ করা রয়্যাল পার্পল বা জামরঙের ব্লাউজ। সঙ্গে সবুজ ওড়না এবং লাল রঙের কারুকাজখচিত লেহেঙ্গা। পোশাকের রঙের এই দারুণ সমন্বয় তার রাজকীয় উপস্থিতিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

শুধু পোশাকেই নয়, সাজসজ্জাতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। পরিপাটি করে খোঁপা করা চুলে জড়ানো ছিল সাদা বেলি ফুলের গজরা। কপালে ছোট টিপ, সিঁথিতে মানানসই সোনালি টিকলি, কানে ঝুমকা, গলায় ঐতিহ্যবাহী ভারী গহনা এবং হাত ভরা চুড়ি তার সাজে বাড়তি মাধুর্য যোগ করেছে। হাতের আলতা ও মেহেদির নকশাও আলাদাভাবে নজর কেড়েছে। ছবিতে এক হাত দিয়ে মুখ আড়াল করে জয়ার দেওয়া ভঙ্গি পুরো ফটোশুটে কাব্যিক আবহ দিয়েছে।

সব মিলিয়ে জয়া আহসানের সাজে ধরা পড়েছে বাঙালি ঐতিহ্য ও রাজকীয়তার অপূর্ব সমন্বয়। তার এই নান্দনিক ফটোশুট প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। ভক্ত ও নেটিজেনদের অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন তার এই ভিন্নধর্মী রাজকীয় লুকে।
ইউডি/রেজা

