জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: বাণিজ্যমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বদ্ধপরিকর: বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৫০

বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যেই দেশব্যাপী টিকাদানসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলমান টিকাদান কার্যক্রমের মাধ্যমে অচিরেই হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেট নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল চালু করা হবে। এতে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সিলেটের স্বাস্থ্যখাতে বিদ্যমান কিছু অসন্তোষ দূর করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সিসিকের সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা ও ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় হামের প্রকোপ তুলনামূলক কম হলেও শিশুদের শতভাগ সুরক্ষা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের গুজবে কান না দিয়ে অভিভাবকদের শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। সিলেট সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের প্রধান মির্জা ফজলে এলাহী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading