মেক্সিকোর পিরামিডে গুলিতে কানাডিয়ান পর্যটক নিহত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৩৫
মেক্সিকোর ঐতিহাসিক টেওতিহুয়াকান পিরামিড এলাকায় বন্দুকধারীর গুলিতে এক ৩২ বছর বয়সী কানাডিয়ান নারী পর্যটক নিহত হয়েছেন। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই আত্মহত্যা করে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মেক্সিকোর অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল এবং ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী এই এলাকায় সোমবার এ ঘটনা ঘটে। গুলির শব্দে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দৌড়ে নিরাপদ স্থানে চলে যান।
দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ নিশ্চিত করেছেন, ঘটনায় এক কানাডিয়ান নিহত ও আরেকজন আহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে কলম্বিয়া, রাশিয়া ও কানাডার নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ বাড়তে থাকায় পর্যটকদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয়। তবে ঘটনাটির কারণ ও হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
সূত্রঃ বিবিসি
ইউডি/রেজা

