শেরে বাংলাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বিএনপি সরকার: নজরুল ইসলাম
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:১৮
শেরে বাংলা এ কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি সরকার শেরে বাংলা এ কে ফজলুল হকের যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে বলেও জানান তিনি।
সোমবার (২৭ এপ্রিল) শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে তিন নেতার মাজারে ফজলুল হকের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল নজরুল ইসলাম বলেন, এ কে ফজলুল হক পুরো বাংলার গণমানুষের নেতা ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আদালত প্রতিষ্ঠাসহ গণমানুষের কল্যাণে অসংখ্য অবদান আছে তার।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, প্রজাস্বত্ব আইনের কারণে বাংলাদেশের কৃষিজীবীরা এখন সুফল পাচ্ছেন। তবে, তাকে নিয়ে আলোচনা কম হচ্ছে।
এ সময় তার পরিবারের সদস্যরা বলেন, বাঙালি জাতির রাজনৈতিক পিতা শেরে বাংলাকে বিভিন্ন সময়ে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
বিএনপি সরকার এবং বিরোধী দল যেন পাঠ্যপুস্তকে শেরে বাংলার আলোচনা ফিরিয়ে আনে সেই দাবি জানান তারা।
ইউডি/রেজা

