নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

নালায় বাঁধ, সামান্য বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:০২

চট্টগ্রাম নগরীতে দুপুরের মুষলধারে বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নালায় দেয়া বাঁধের কারণেই পানি সরতে পারছে না, ফলে অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পর নগরীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জসহ বেশ কিছু নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। প্রবর্তক মোড় এলাকায় গিয়ে দেখা যায়, মূল সড়ক হাঁটু সমান পানিতে নিমজ্জিত।

পানির কারণে এসব এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় রিকশা ও মোটরসাইকেলসহ ছোটখাটো যানবাহন বিকল হয়ে মাঝরাস্তায় আটকে থাকতে দেখা গেছে।

প্রবর্তক মোড় এলাকায় আটকে পড়া পথচারী তানভির বলেন, ‘এই এলাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা পানি মিশে একাকার হয়ে যায়। আমাদের নিয়মিত এই ভোগান্তি পোহাতে হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন নালায় অস্থায়ী বাঁধ দেয়া হয়েছে। বৃষ্টির সময় এসব বাঁধ অপসারণ না করায় পানি দ্রুত নামতে পারছে না। ফলে বৃষ্টির পানি রাস্তায় জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়, যা নিচু এলাকায় জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়ায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading