বাউফলে ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:২০
বাউফল উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে খাদ্যবান্ধব কর্মসূচির ন্যায্য মূল্যের ১৫ টাকার চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার শাহজাহান মুন্সীর বিরুদ্ধে। ভুক্তভোগী শফিকুল এর দাবি, নির্ধারিত ১৫ কেজি চাল না দিয়ে বেশি দামে চাল কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
অভিযোগকারী শফিকুল ইসলাম জানান, তিনি কয়েকদিন ধরে ডিলারের কাছে গিয়েও এ মাসের চাল পাননি। বরং তাকে জানানো হয়, “এই মাসে চাল পাবেন না।” পরে তাকে ১৫ কেজির একটি বস্তা ১২০০ টাকায় কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তার ভাষ্য, “আমার প্রাপ্য চাল না দিয়ে সবাইকে চাল দেওয়া হয়েছে, আমি চাইতে গেলে আমাকে বঞ্চিত করা হয়েছে।”
এ বিষয়ে অভিযুক্ত ডিলার শাহজাহান মুন্সী গণমাধ্যমকে বলেন, তিনি ১২০০ টাকার প্রস্তাব দিয়েছেন—এটা সত্য। তবে তার দাবি, “যে মাসে চাল দেওয়া হয়, সেই মাসে না নিলে পরে আর দেওয়া হয় না।”
স্থানীয় আর একজন গ্রাহক কামাল গাজী জানান, তিনি নিজে চাল পেয়েছেন, তবে কেন শফিকুল ইসলাম চাল পাননি সে বিষয়ে তিনি অবগত নন। অন্য গ্রাহক রাসেল ইসলাম বলেন, তিনি ১৬ এপ্রিল চাল পেয়েছেন, কিন্তু অন্য শফিকুল কেন বঞ্চিত হয়েছেন তা তিনি জানেন না।
ভুক্তভোগীর অভিযোগ, বারবার যাওয়ার পরও চাল না দিয়ে বিভিন্ন ভাবে ঘুরানো হয়েছে এবং পরে বাজারমূল্যে চাল বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, ন্যায্য মূল্যের খাদ্য সহায়তা কর্মসূচিতে এ ধরনের অনিয়ম দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হন।
ইউডি/রেজা/রুবেল হোসেন

