কেউ প্রকাশ্যে, কেউ গোপনে ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:০০
দুটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ প্রকাশ্যে ও কেউ গোপনে এখনও ষড়যন্ত্র করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’
শনিবার সন্ধায় সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। জনগণ আমাদের যেভাবে সমর্থন করেছে সেই সমর্থন ধরে রাখুন।
তারেক রহমান দলীয় এমপিদের গ্রুপিং রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা দলের কর্মীদের অমুকের লোক, তমুকের লোক বলবেন না। এতে বিভক্তি বাড়বে।’
প্রধানমন্ত্রী অতীত আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ভূমিকার বিষয় উল্লেখ করে বলেন, আপনারা আন্দোলন-সংগ্রাম করেছেন। কষ্ট করেছেন। পরিবারের জন্য যে রকম মায়া আছে, দলের জন্যও তেমনি রয়েছে। আপনাদের আচরণে যাতে কারও মন খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সরকারি দলের লোক সেটা মাথা থেকে সরিয়ে ভাবতে হবে আমি দলের কর্মী। কেউ ভুল করলে তাকে বোঝাতে হবে, শাসন করতে হবে। যদি না মানেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
ইউডি/এবি

