ডিসি সম্মেলনে উঠছে ৪৯৮ প্রস্তাব

ডিসি সম্মেলনে উঠছে ৪৯৮ প্রস্তাব

উত্তরদক্ষিণ। শনিবার (০২ মে) ২০২৬, আপডেট ২৩:৪৫

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রবিবার (৩ মে)। চারদিনের এই সম্মেলনে উপস্থাপন করা হবে সারা দেশের ডিসিদের পাঠানো ৪৯৮টি প্রস্তাব। সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ডিসি সম্মেলনের উদ্বোধন হবে।

এবারের সম্মেলনে সারা দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে অধিকতর গুরুত্ব পাওয়া ৫০টি প্রস্তাব আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

শনিবার (২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।

মাঠ প্রশাসনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মেলনে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, জনদুর্ভোগ কমানো, অবকাঠামো নির্মাণ, পর্যটন বিকাশ, আইন সংস্কারসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অগ্রাধিকার পেয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতসংক্রান্ত প্রস্তাবের সংখ্যা সর্বোচ্চ (৪৪টি)।

সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য-অধিবেশন। এতে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন অংশ নেবে। পাশাপাশি ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিবসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় অনুষ্ঠিত হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading