তেহরানের ‘সংযমের ইতি ঘটেছে’: ইরানি কর্মকর্তা
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১৫:১৩
ইরানের সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, আজ থেকে তেহরানের সংযমের ইতি ঘটেছে।
রবিবার (১০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রেজাই লিখেছেন, আমাদের নৌযানগুলোর বিরুদ্ধে যেকোন আগ্রাসনের দাঁতভাঙা ও চূড়ান্ত জবাব হিসেবে মার্কিন নৌযান ও ঘাঁটিগুলোর ওপর ইরানের পক্ষ থেকে কঠোর পাল্টা আঘাত হানা হবে।
তিনি আরও বলেন, মার্কিন স্বার্থের বিরুদ্ধে সময়ের কাঁটা ঘুরছে; বোকামি না করা এবং তারা যে চোরাবালিতে আটকে পড়েছে, সেখানে নিজেদের আরও গভীরে নিমজ্জিত না করাই তাদের জন্য হিতকর। তাদের জন্য সর্বোত্তম পথ হলো আত্মসমর্পণ করা এবং ছাড় দেওয়া। আপনাদের অবশ্যই নতুন আঞ্চলিক ব্যবস্থার সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে।
ইরানের তাসনিম বার্তা সংস্থার তথ্যমতে, ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র আকরামি নিয়া আজ সকালে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে, ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরকারী যেকোন দেশ নিশ্চিতভাবেই হরমুজ প্রণালী অতিক্রম করার সময় নানাবিধ সমস্যার সম্মুখীন হবে। আর এই সতর্কবার্তার পরেই ইরানের এই মুখপাত্রের মন্তব্যটি সামনে এল।
ইউডি/রেজা

