হান্টাভাইরাস আক্রান্ত জাহাজ থেকে যাত্রী সরানো শুরু করেছে স্পেন
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১৫:৩৫
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ উপকূলে নোঙর করা হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ জাহাজ এমএস হন্ডিয়াস থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া শুরু করেছে স্পেন সরকার।
রবিবার (১০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, পুরো উদ্ধার কার্যক্রম স্বাভাবিকভাবে এগোচ্ছে এবং জাহাজে থাকা সব যাত্রী এখনো উপসর্গহীন রয়েছেন। যাত্রীদের জাতীয়তা অনুযায়ী ভাগ করে ছোট নৌকায় করে তীরে আনা হবে। এরপর স্থানীয় বিমানবন্দর থেকে চার্টার ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।
তিনি আরও জানান, প্রথমে নামানো হবে ১৪ জন স্প্যানিশ নাগরিককে। এরপর নেদারল্যান্ডসের ব্যবস্থাপনায় ডাচ, গ্রিক ও জার্মান যাত্রী এবং জাহাজের কিছু ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হবে। পরবর্তীতে ব্রিটেন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের জন্য আরও ফ্লাইট ছাড়বে। শেষ উদ্ধার ফ্লাইট সোমবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, রবিবার ভোরের আগে এমএস হন্ডিয়াস টেনেরিফের গ্রানাদিয়া বন্দরের কাছে পৌঁছায়। প্রায় এক মাস আগে জাহাজটিতে প্রথম যাত্রীর মৃত্যু হয়েছিল।
রবিবার সকাল ৭টার দিকে চিকিৎসক দল জাহাজে উঠে যাত্রীদের মধ্যে ভাইরাসের লক্ষণ আছে কি না তা পরীক্ষা করে।
এদিকে, জাহাজটিকে তীরে ভিড়তে দেওয়া হয়নি। টেনেরিফ উপকূলে আসার সময় এক নটিক্যাল মাইল এলাকাজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। টেনেরিফের ক্যান্ডেলারিয়া হাসপাতালে জরুরি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন। সংক্রামক রোগ মোকাবিলার জন্য হাসপাতালের বিশেষ আইসোলেশন ইউনিটে ভেন্টিলেটর, পরীক্ষা সরঞ্জামসহ পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে।
হাসপাতালের প্রধান নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞ মার মার্টিন বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা আগে কখনো হান্টাভাইরাস দেখিনি, কিন্তু এটি একটি ভাইরাস প্রতিদিনের মতোই আমরা এমন জটিলতা সামলাতে প্রশিক্ষিত।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী এই উদ্ধার কার্যক্রমকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি কম। অযথা আতঙ্ক ও বিভ্রান্তি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
ইউডি/রেজা

