শির সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ১৮:৫৫
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাকে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীন সফরের প্রথম পূর্ণ দিবসে আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।
গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আজ দিনভর চীনা প্রতিনিধি দলের সঙ্গে আমাদের অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা এবং বৈঠক হয়েছে। এই সন্ধ্যাকে তিনি বন্ধুদের মধ্যে আলাপচারিতার এক মূল্যবান সুযোগ বলেও অভিহিত করেছেন।
বেইজিংয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এই শীর্ষ সম্মেলনকে অত্যন্ত ইতিবাচক আখ্যা দেওয়ার পাশাপাশি আগামী সেপ্টেম্বরে তাকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, প্রেসিডেন্ট শি, আপনার এই চমৎকার অভ্যর্থনার জন্য আবারও ধন্যবাদ। আপনাকে এবং মাদাম পেংকে (চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান) আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানাতে পেরে আমি গর্বিত। আমরা আপনাদের অপেক্ষায় থাকব।
ভোজসভায় মার্কিন ও চীনা জনগণের মধ্যে ‘সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের’ প্রতি সম্মান জানিয়ে ট্রাম্প বলেন, এটি অত্যন্ত বিশেষ এক সম্পর্ক। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই; এটি ছিল এক অসাধারণ সময়।
ট্রাম্প বলেন, ‘‘আজ আমাদের মধ্যে যেসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তা আমেরিকা ও চীন—উভয় দেশের জন্যই কল্যাণকর। আপনার সঙ্গে এই সময়টি কাটানো আমার জন্য ছিল সম্মানের।’’
আমেরিকান ও চীনা জনগণের সম্পর্ক আমেরিকার জন্মলগ্ন থেকেই বিদ্যমান বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় শির আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দুই দেশের মধ্যে কঠোর পরিশ্রম, সাহস ও সাফল্যের মতো অনেক অভিন্ন মূল্যবোধ রয়েছে। তিনি বলেন, আমরা দুই দেশ ঐক্যবদ্ধ থাকলে বিশ্ব এক অনন্য রূপ পায়।
গত ৯ বছরের মধ্যে প্রথম কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন ট্রাম্প।
সূত্র: এএফপি, আনাদোলু
ইউডি/রেজা

