সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ‘ওপেন হাউস ডে’
উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ মে, ২০২৬, আপডেট ১৭:৪৫
‘কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর পল্লবী থানায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।
পরে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন।
এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “সুন্দর সমাজ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশগামী তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।”
সমাপনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
একইসঙ্গে নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডমিন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোন), সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন) মো. জাহিদ হোসেন, পল্লবী থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা।
ইউডি/রেজা

