গ্রীষ্মের শেষ নাগাদ হরমুজ পুনরায় চালু হতে পারে: মার্কিন জ্বালানি প্রধান
উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ মে, ২০২৬, আপডেট ১৮:৩৫
মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট শুক্রবার বলেছেন, হরমুজ প্রণালী সর্বোচ্চ এই গ্রীষ্মের মধ্যেই পুনরায় খুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে তিনি সতর্ক করে দেন, ইরান এই কৌশলগত জলপথে যান চলাচলে বাধা সৃষ্টি অব্যাহত রাখলে মার্কিন সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে পারে।
সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এবং পরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্প্রসারিত ভঙ্গুর আমেরিকা-ইরান যুদ্ধবিরতিকে ঘিরে উত্তেজনা সত্ত্বেও, ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি ‘আগামী কয়েক দিনের মধ্যে’ হতে পারে।
‘যদি ইরান তারপরও বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখে, তবে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালী পুনরায় খুলতে বাধ্য করবে, কিন্তু কাজটি সহজ নয়,’ রাইট বলেন এবং যোগ করেন যে আলোচনাই সর্বোত্তম বিকল্প।
ট্রাম্পের ফেডারেল গ্যাস ট্যাক্স স্থগিত করার প্রস্তাব নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ার প্রেক্ষাপটে, আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন শুক্রবার মার্কিন আমেরিকায় জাতীয় পর্যায়ে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য ৪ দশমিক ৫৩ ডলার বলে জানানোর পর এই মন্তব্যগুলো আসে।
রাইট আরও বলেন, হরমুজ সংকট সম্পর্কিত সরবরাহ বিঘ্ন মোকাবেলায় মার্কিন এলএনজি রপ্তানি বাড়ছে।
এদিকে, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘চাপিয়ে দেয়া যুদ্ধ’-এর ফলে দেশটিকে ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিণতির সম্মুখীন হতে হবে।
এক্স-এ আরাঘচি বলেন, ‘তেহরানের সঙ্গে সংঘাতের ক্রমবর্ধমান ব্যয়ভার আমেরিকানরা বহন করতে বাধ্য হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি এবং শেয়ার বাজারের বুদবুদের কথা বাদ দিন। আসল দুর্ভোগ শুরু হবে যখন মার্কিন ঋণ এবং বন্ধকী ঋণের হার বাড়তে শুরু করবে।’
তিনি আমেরিকার অভ্যন্তরে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের দিকেও ইঙ্গিত করে বলেন, গাড়ির ঋণ খেলাপের হার ইতোমধ্যে ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
তবে এই সবকিছুই এড়ানো যেত বলে মন্তব্য করেন আরাঘচি।
সূত্র: আনাদোলু
ইউডি/রেজা

