‘গুপ্তদের’ ভেতর স্বৈরাচার লুকিয়ে আছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২২:৪০
দেশের চলমান বিভিন্ন সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বৈরাচারের সময়ে ‘গুপ্ত’ অবস্থানে থাকা ব্যক্তিদের কেউ এখনো স্বৈরাচারকে আড়াল করে অস্থিতিশীলতা উসকে দিচ্ছেন কি না—সে প্রশ্নও তুলেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে সরকার বিভিন্ন ক্ষেত্রে উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা সমাধানের চেষ্টা করছে। স্বৈরাচারের সময়ের সমস্যা হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যা—সব ক্ষেত্রেই সংকট রয়েছে এবং সরকার তা অস্বীকার করছে না।
প্রধানমন্ত্রী বলেন, এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরিরও চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
‘গুপ্তদের ভেতর স্বৈরাচার লুকিয়ে আছে কি না’
স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময়ে একটি রাজনৈতিক দল ‘গুপ্ত বেশ’ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল বলে তারা দেখেছেন। পরবর্তী সময়ে ওই দলের নিজেদের লোকজনই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলেও দাবি করেন তিনি।
তারেক রহমান বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই বিভ্রান্তির সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষ যে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে, তাদের কেউ আবার অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না, সেটি খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি প্রশ্ন করেন, স্বৈরাচারের সময় যে গুপ্তরা স্বৈরাচারের আড়ালে লুকিয়ে ছিল, এখন কি সেই গুপ্তদের ভেতর স্বৈরাচার লুকিয়ে থেকে এই অরাজকতা উসকে দিতে চাইছে? তাই যদি হয়, তাহলে বলতে হবে যারা গুপ্ত, তারা সেই স্বৈরাচারকেই আবার সামনে নিয়ে আসার কাজ করছে।
সম্প্রতি ‘গুপ্তদের’ একজন নেতা তাদের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন—এমন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
ইউডি/এবি

