কালি ও কলম পুরস্কার-২০২৫ পেলেন চার তরুণ সাহিত্যিক

কালি ও কলম পুরস্কার-২০২৫ পেলেন চার তরুণ সাহিত্যিক

উত্তরদক্ষিণ। শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২২:৪২

কবিতা, প্রবন্ধ ও গবেষণা, কথাসাহিত্যি এবং শিশু কিশোর সাহিত্য- বাংলা সাহিত্যের সৃজনশীল এই চার ধারায় অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে চার তরুণ সাহিত্যিক পেলেন সিটি ব্যাংক নিবেদিত ‌‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২৫’।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন কবি রনক জামান, গবেষক রাফাত আলম, কথাসাহিত্যিক হামিম কামাল ও শিশুসাহিত্যিক রবিউল কমল।

‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ কাব্যগ্রন্থের জন্য কবিতা বিভাগে রনক জামান, ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’, বইয়ের জন্য প্রবন্ধ ও গবেষণা বিভাগে রাফাত আলম, ‘ত্রিস্তান’ উপন্যাসের জন্য কথাসাহিত্য বিভাগে হামিম কামাল এবং ‘দস্যু ও দুই দূরন্ত’ বইয়ের জন্য শিশু-কিশোর সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন রবিউল কমল।

শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে প্রদান করা হয় ২ লাখ টাকা অর্থমূল্যের চেক ও ক্রেস্ট।

অনুষ্ঠানের শুরুতে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিচারকমণ্ডলীর সদস্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত বই না পাওয়ায় এ বছর এ বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ‘কালি ও কলম’-এর সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

অনুষ্ঠানে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক গান পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। তিনি ‘মোর বীণা ওঠে’, ‘আসিলে কে গো অতিথি’, ‘বসিয়া বিজনে’, ‘দুর্গম গিরি’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন।

প্রসঙ্গত, তরুণ কবি ও লেখকদের সাহিত্যের অঙ্গনে উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ । এ পর্যন্ত ৭১ জন তরুণ সাহিত্যিক এ পুরস্কার পেয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading