ইন্ডিয়ার সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারির কড়া জবাব দিল পাকিস্তান
উত্তরদক্ষিণ। রবিবার (১৭ মে) ২০২৬, আপডেট ২৩:৩০
ইন্ডিয়ার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ‘পাকিস্তান ভূগোলে নাকি ইতিহাসে থাকবে’- এমন হুঁশিয়ারি দেওয়ার পর এর কড়া জবাব দিয়েছে ইসলামাবাদ।
রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতকে সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
আইএসপিআর জানায়, পাকিস্তান পারমণিবক শক্তিধর একটি দেশ, বৈশ্বিক পর্যায়ে প্রভাশালী রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ভূগোলের এক অবিচ্ছেদ্য অংশ।
পাকিস্তানকে হামলার নিশানা করার কোনও চেষ্টা চললে এর পরিণতি কেবল ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে।
এর আগে ইন্ডিয়ার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শনিবার নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় পাকিস্তানকে কঠোর সামরিক হুঁশিয়ারি দেন।
তিনি বলেছিলেন, পাকিস্তান অবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা চালানো বন্ধ না করলে তারা ভবিষ্যতে বিশ্বের ভূগোলে (মানচিত্র) থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে সে বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।
ইউডি/এবি

