বিমানকে ১০টি উড়োজাহাজ কেনার নতুন প্রস্তাব এয়ারবাসের
উত্তরদক্ষিণ। রবিবার (১৭ মে) ২০২৬, আপডেট ২৩:৫৫
বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ১০টি উড়োজাহাজ কেনার একটি নতুন প্রস্তাব দিয়েছে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাস। সম্প্রতি এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
বোসরা ইসলাম বলেন, “এয়ারবাস সম্প্রতি উড়োজাহাজ বিক্রির একটি প্রস্তাব দিয়েছে। বিমানের সংশ্লিষ্ট কমিটি প্রস্তাবটি মূল্যায়ন করছে।”
সূত্র জানায়, এয়ারবাস আনুষ্ঠানিকভাবে বিমানের টেকনো-ফাইন্যান্স কমিটির কাছে এই প্রস্তাব জমা দেয়। প্রস্তাবে ৪টি ‘এ৩৫০-৯০০’ ওয়াইডবডি ও ৬টি ‘এ৩২১নিও’ ন্যারোবডি উড়োজাহাজ সরবরাহের কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল বিমান আনুষ্ঠানিকভাবে বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার চুক্তি সই করে। যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের অর্থায়নে এই চুক্তির আওতায় বিমান ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৪টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কিনবে।
ইউডি/এবি

