পাইরেসির কারণে মুক্তি থেকে সরে দাঁড়াল ‘রঙবাজার’
উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ মে, ২০২৬, আপডেট ১২:১৩
কয়েক দফায় মুক্তি পেছানোর পর এবার কোরবানি ঈদে আসার কথা ছিল ‘রঙবাজার’ সিনেমাটির। তার আগেই পাইরেসির কবলে পড়ায় ছবিটি হলে মুক্তি পাচ্ছে না। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ।
তিনি বলেন, ‘ছবিটি কয়েকদিন আগে পাইরেসি হয়। আমরা চেষ্টা করেছি সমস্যাটি সমাধানের। কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সব জায়গা থেকে নামানো সম্ভব না। তাই হলে মুক্তির সিদ্ধান্ত থেকে সড়ে এসেছি।’
নির্মাতা বললেন, ‘‘এরইমধ্যে ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা লাইভ টেকনলজির নিজস্ব ওটিটি মধ্যমে সিনেমাটিকে দেখা যাচ্ছে ‘রঙবাজার’।’’ কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে নির্মাতা জানালেন বিষয়টি প্রযোজনা সংস্থার ওপর নির্ভর করছে।
৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতে গুঁড়িয়ে দেওয়ার গল্পে নির্মিত ‘রঙবাজার’। গল্প প্রসঙ্গে এর আগে রাশিদ পলাশ বলেছিলেন, ‘যৌনপল্লিকে নিয়ে এই সিনেমার গল্প। সভ্য সমাজ এই পেশাকে সব সময় অন্য চোখে দেখে। সময়ের সঙ্গে এই পেশারও রং পাল্টেছে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। টানবাজারের (নারায়ণগঞ্জের একসময়ের যৌনপল্লি) উচ্ছেদ-পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি। উচ্ছেদ করার পর এই পেশা বিলুপ্ত হয়েছে নাকি আরও খারাপভাবে ছড়িয়ে পড়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি।’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
ইউডি/কেএস

