সিচুয়েশনশিপ ছেড়ে কেন ‘ন্যানোশিপ’-এ ঝুঁকছে তরুণরা?
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, আপডেট ১৫:৩৫
একসময় প্রেম মানেই ছিল দীর্ঘ কথা, ভবিষ্যতের পরিকল্পনা আর সম্পর্কের স্পষ্ট পরিচয়। কিন্তু ডিজিটাল যুগের তরুণদের সম্পর্কের ভাষা বদলে গেছে অনেকটাই। কমিটমেন্ট, রিলেশনশিপ কিংবা ব্রেকআপ—এই পরিচিত শব্দগুলোর পাশে এখন জায়গা করে নিয়েছে নতুন কিছু টার্ম; যেমন সিচুয়েশনশিপ, মাইক্রোশিপ আর সবচেয়ে আলোচিত হলো ন্যানোশিপ।
সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রজন্ম ভালোবাসা চাইলেও মানসিক চাপ, অনিশ্চয়তা এবং দীর্ঘ আবেগিক জটিলতা থেকে দূরে থাকতে চাইছে। আর সেখান থেকেই জনপ্রিয় হয়ে উঠছে ‘ন্যানোশিপ’—খুব স্বল্প সময়ের, হালকা আবেগের, চাপহীন এক ধরনের সংযোগ।
‘ন্যানোশিপ’ আসলে কী
লাইফস্টাইল ম্যাগাজিন ও ডেটিং ট্রেন্ড বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, ন্যানোশিপ হলো এমন এক ক্ষণস্থায়ী আবেগিক সংযোগ, যেখানে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ বা প্রত্যাশা থাকে না। এটি হতে পারে একটি পার্টিতে কারও সঙ্গে গভীর কয়েক মিনিটের আলাপ, নিয়মিত ট্রেনে দেখা হওয়া কারও সঙ্গে ছোট্ট ফ্লার্টিং, কিংবা কয়েক দিনের অনলাইন সংযোগ, যার শেষ নিয়ে কেউ উদ্বিগ্ন নয়।
অন্যদিকে ‘সিচুয়েশনশিপ’ সাধারণত দীর্ঘ সময়ের এক অনির্দিষ্ট সম্পর্ক, যেখানে দুজন মানুষ আবেগিকভাবে জড়িয়ে থাকলেও সম্পর্কের স্পষ্ট পরিচয় থাকে না। এতে প্রায়ই তৈরি হয় বিভ্রান্তি, অনিশ্চয়তা ও মানসিক চাপ।
কেন সিচুয়েশনশিপ থেকে সরে আসছে তরুণরা
বিশ্লেষকদের মতে, এর পেছনে কাজ করছে কয়েকটি বড় সামাজিক ও মানসিক পরিবর্তন।মানসিক ক্লান্তি থেকে মুক্তি চাইছে নতুন প্রজন্ম।
টিন্ডার–এর ‘ইয়ার ইন সুইপ’ জরিপে দেখা যায়, তরুণদের বড় একটি অংশ এখন এমন সম্পর্ক চায়, যেখানে আবেগ থাকবে, কিন্তু অতিরিক্ত চাপ থাকবে না। প্রায় ৪২ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা গত এক বছরে কোনো না কোনো ন্যানোশিপ-এর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।
ডেটিং বিশ্লেষক মেলিসা হবলি বলেন, বর্তমান প্রজন্ম এখন তাদের চাহিদা নিয়ে আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। তারা এমন সম্পর্ক এড়িয়ে চলতে চায়, যেখানে দীর্ঘ অনিশ্চয়তা মানসিক চাপ তৈরি করে।
‘কমিটমেন্ট ফ্যাটিগ’ বাড়ছে
মনোবিজ্ঞানী ও সম্পর্ক বিশেষজ্ঞ অ্যাবি মেডক্যালফ মনে করেন, তরুণদের মধ্যে এখন সম্পর্ক নিয়ে ভয়, উদ্বেগ এবং প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা অনেক বেড়েছে। ফলে তারা এমন সংযোগে স্বস্তি খোঁজে, যেখানে আবেগ থাকবে, কিন্তু গভীর দায়বদ্ধতার চাপ থাকবে না।
বিশেষজ্ঞদের ভাষায়, সিচুয়েশনশিপ অনেক সময় মানুষকে আধা সম্পর্কের মধ্যে আটকে রাখে। এতে না পুরো সম্পর্কের নিশ্চয়তা থাকে, না পুরো বিচ্ছিন্নতা। ফলে দীর্ঘমেয়াদে মানসিক ক্লান্তি তৈরি হয়।
অর্থনৈতিক বাস্তবতাও বদলে দিচ্ছে সম্পর্ক
বিশ্লেষকদের মতে, প্রেমের ধরন বদলে যাওয়ার পেছনে অর্থনৈতিক চাপও বড় কারণ। চাকরির অনিশ্চয়তা, উচ্চ জীবনযাত্রার খরচ, ক্যারিয়ার নিয়ে উদ্বেগ এসব কারণে অনেক তরুণ দীর্ঘমেয়াদি সম্পর্কের দায়িত্ব নিতে দ্বিধায় ভোগেন। এক গবেষণাভিত্তিক প্রতিবেদনে দেখা গেছে, প্রায় ৪৭ শতাংশ তরুণ আর্থিক অনিশ্চয়তার কারণে সিরিয়াস সম্পর্কে যেতে চান না।
ডিজিটাল যুগে সম্পর্কও হয়ে উঠছে দ্রুত
সামাজিক যোগাযোগমাধ্যম ও ডেটিং অ্যাপের যুগে মানুষের মনোযোগের সময়ও ছোট হয়ে এসেছে। এখন সম্পর্ক তৈরি হয় দ্রুত, আবার শেষও হয়ে যায় দ্রুত। ফলে অনেকেই ছোট ছোট মুহূর্তের আনন্দকেই বেশি মূল্য দিচ্ছেন।
সম্পর্কের সংজ্ঞা কি বদলে যাচ্ছে
সমাজবিজ্ঞানীরা বলছেন, নতুন প্রজন্ম সম্পর্ককে আগের মতো নির্দিষ্ট কাঠামোয় দেখতে চায় না। তারা অনেক বেশি নমনীয় সংযোগে স্বাচ্ছন্দ্যবোধ করে। কারও কাছে এটি স্বাধীনতা, আবার কারও কাছে এটি আবেগিক নিরাপত্তাহীনতার প্রতিফলন।
তবে বিশেষজ্ঞরা সতর্কও করছেন। কারণ খুব বেশি ক্ষণস্থায়ী সম্পর্ক মানুষকে একসময় আবেগিকভাবে বিচ্ছিন্ন করে তুলতে পারে। দীর্ঘমেয়াদি বিশ্বাস, স্থিতি ও গভীর সংযোগের অভাব থেকে তৈরি হতে পারে একাকীত্বও।
প্রেমের ভাষা সময়ের সঙ্গে বদলেছে সব যুগেই। একসময় চিঠির প্রেম ছিল, পরে এসেছে ফোনকল, তারপর ইনবক্স আর ভিডিও কল। এখন সেই তালিকায় যোগ হয়েছে ন্যানোশিপ।
হয়তো এটি কেবল একটি ট্রেন্ড। আবার হয়তো এটি এমন এক প্রজন্মের প্রতিচ্ছবি, যারা ভালোবাসতে চায়, কিন্তু ভাঙার ভয়ও সবচেয়ে বেশি অনুভব করে।
ইউডি/কেএস

