নিত্যপণ্যের বাজারে আগুন, ১৫ টাকার সবজি এখন ১০০!
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ১১:৪০
একসময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সাশ্রয়ী সবজি হিসেবে পরিচিত ছিল পেঁপে। মৌসুমে ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হওয়া এই সবজিই এখন রাজধানীর বাজারে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ফলে সাধারণ ক্রেতাদের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন দামেই পেঁপে কিনতে হচ্ছে।
শুক্রবার (২২ মে) রাজধানীর রামপুরা, মালিবাগ, মেরাদিয়া ও বনশ্রীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৭০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ছাড়া প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৬০ টাকা, জালি প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা এবং প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
রামপুরা বাজারে পেঁপে কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মিরাজ উদ্দিন বলেন, পেঁপে তো গরিব মানুষের তরকারি হিসেবে পরিচিত ছিল। এখন এই পেঁপেও যদি ১০০ টাকা হয়, তাহলে মানুষ খাবে কী? বাজারে এসে এখন প্রতিদিনই নতুন দামের ধাক্কা খেতে হচ্ছে।
মালিবাগ বাজারের ক্রেতা বেবি আক্তার বলেন, বাচ্চাদের জন্য মাঝে মাঝে পেঁপে রান্না করি। কিন্তু এখন এক কেজি কিনতেই ১০০ টাকা লাগছে। সবজির বাজার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। মেরাদিয়া বাজারের বিক্রেতা রিয়াদ হোসেন বলেন, এখন পেঁপের মৌসুম কম। পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বেশি।
বনশ্রী এলাকার আরেক বিক্রেতা জুবায়ের বলেন, আগে যেটা ১৫-২০ টাকায় বিক্রি হতো, এখন সেটাই ১০০ টাকা। পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণেও দাম বাড়ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, সে তুলনায় মানুষের আয় বাড়ছে না। ফলে সাধারণ মানুষের জন্য প্রতিদিনের বাজার করাই কঠিন হয়ে উঠছে। তাদের মতে, বাজার তদারকির অভাব ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
ইউডি/কেএস

