ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ-বিদ্যা সিনহা মিমের ‘মালিক’

ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ-বিদ্যা সিনহা মিমের ‘মালিক’

উত্তরদক্ষিণ। রবিবার, ২৪ মে, ২০২৬, আপডেট ০২:০০

এবারের কোরবানি ঈদের প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে যুক্ত হয়েছে একগুচ্ছ সিনেমা। এবার আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ যুক্ত হলো এ তালিকায়। গত বুধবার রাতে ছবির পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কোরবানি ঈদে আসছে অ্যাকশনধর্মী সিনেমাটি।

গত বছরের শেষ দিকে পরিচালক সাইফ চন্দন ‘মালিক’ সিনেমার শুটিং শুরু করেছিলেন। শুরুতে শোনা গিয়েছিল, সিনেমাটি গত ঈদুল ফিতরে পর্দায় আসবে। তবে শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় তখন আর তড়িঘড়ি করে মুক্তি দেওয়া হয়নি।

অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত সিনেমায় দেখা যাবে, মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য প্রতিশোধের পথ বেছে নেওয়া এক তরুণ কীভাবে সময়ের পরিক্রমায় অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। ছবিতে মিমকেও দেখা যাবে একেবারে ভিন্ন রূপে মারকুটে চরিত্রে। জানা গেছে, অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী।

সিনেমা সম্পর্কে নির্মাতা সাইফ চন্দন গণমাধ্যমকে বলেন, ‘অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে সুন্দর একটি গল্প রয়েছে। অভিনয়শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশের পর দর্শক আরও চমকে যাবে। আশা করছি, দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঈদে মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বেশ কয়েকটি হলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর শুরু হবে প্রচারণা।’

দীর্ঘ সাত বছর ‘মালিক’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading