চন্দ্রায় ১০, নবীনগরে ৫ কিমি জুড়ে যানবাহনে ধীরগতি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, আপডেট ১১:৫৮
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে গাজীপুরের দুই মহাসড়কে। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এই দুই মহাসড়কে যানবাহন থেমে থেমে চলাচল করছে। এছাড়া, রাতে হওয়া বৃষ্টির কারণে যাত্রীদের ভোগান্তি আরও কয়েকগুণ বেড়েছে।
খোঁজ নিয়ে দেখা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত ১০ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর মহাসড়কে ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকে পায়ে হেঁটে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যেতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল গাজীপুরে ছোট-বড় প্রায় ৫ হাজার শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার অর্ধেক সোমবার ছুটি হয়েছে। বাকি অর্ধেক মঙ্গলবার দুপুরের মধ্যে ছুটি হয়ে যাবে। ধারণা করা হচ্ছে করা হচ্ছে, দুপুরের পর যাত্রীদের চাপ মহাসড়কে আরও বাড়বে।
এক যাত্রীর সঙ্গে কথা হয় পল্লী বিদ্যুৎ এলাকায়। তিনি বলেন, “চৌরাস্তা থেকে চন্দ্রা আসতে ৪০ মিনিট লাগে। কিন্তু, আজ চন্দ্রা পৌঁছাতে তিন ঘণ্টা সময় লেগেছে। জানি না কখন বাড়িতে পৌঁছাতে পারব। রাস্তায় অনেক যানজট, মানুষের খুব ভোগান্তি হচ্ছে।”
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, “কারখানা ছুটি হওয়ায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। গাড়ি ধীর গতিতে চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ। যে চাপ সৃষ্টি হয়েছে, তা বুধবার পর্যন্ত থাকবে।”
ইউডি/রেজা

