ইরানে আবারও মার্কিন হামলা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ মে) ২০২৬, আপডেট ১১:৪০
আমেরিকার সামরিক বাহিনী ইরানে আবারও হামলা চালিয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। ওই কর্মকর্তা দাবি করেন, আমেরিকার সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই অভিযান চালানো হয়েছে।
হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ওই এলাকায় অন্তত তিনটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
তবে আমেরিকার হামলা বা বন্দর আব্বাসে বিস্ফোরণ—কোনো ঘটনাতেই তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে চলতি সপ্তাহে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ফলে তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় মার্কিন হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি নিয়ে তাকে কোনো ধরনের চাপের মধ্যে ফেলা যাবে না।
ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য ইরান যে দীর্ঘমেয়াদি কৌশল নিচ্ছে, তা সফল হবে না। তিনি বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও তিনি কোনো ধরনের উদ্বেগে নেই।
ইউডি/এবি

