রেকর্ডের ছড়াছড়িতে ‘ইউনিভার্স বেবি বস’ তকমা পেলেন সূর্যবংশী

রেকর্ডের ছড়াছড়িতে ‘ইউনিভার্স বেবি বস’ তকমা পেলেন সূর্যবংশী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, আপডেট ১১:০০

আইপিএলের ইতিহাস নতুন করে লিখলেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ক্রিস গেইলের এক আসরে সর্বোচ্চ ছক্কার দীর্ঘ ১৪ বছরের পুরনো কীর্তি ভেঙে আইপিএলের পাতায় নিজের নাম খোদাই করেছেন এই বাঁহাতি ওপেনার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে ১২টি ছক্কার মার মেরে চলতি আইপিএলে নিজের মোট ছক্কার সংখ্যাকে নিয়ে গেছেন ৬৫টি-তে।

২০১২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে গেইলের করা ৫৯টি ছক্কার অলটাইম রেকর্ডটি ভেঙে দেওয়ার পর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বৈভবকে ঘোষণা করা হয় ‘ইউনিভার্স বেবি বস’ হিসেবে!

ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সানরাইজার্সের বোলিং লাইন-আপকে একাই গুঁড়িয়ে দেন বৈভব সূর্যবংশী। প্যাট কামিন্স ও সাকিব হোসেনদের তুলোধোনা করে মাত্র ১৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা আইপিএল প্লে-অফের ইতিহাসে যৌথভাবে দ্রুততম হাফ-সেঞ্চুরি।

আউট হওয়ার আগে মাত্র ২৯ বলে খেলেন ৯৭ রানের এক অতিমানবীয় ইনিংস, যেখানে ৩৩৪.৪৮ স্ট্রাইক রেটে ৫টি চার এবং ১২টি ছক্কা হাঁকান তিনি। আর মাত্র ৩টি রান করতে পারলে ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিশ গেইলের করা ৩০ বলের দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ডটিও ভেঙে দিতেন এই কিশোর।

ইনিংসের প্রথম ৬ ওভারের মধ্যেই বৈভব একাই মারেন ৮টি ছক্কা, যা আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। তিনি ২০০৮ সালে করা সনাথ জয়াসুরিয়ার ৭ ছক্কার রেকর্ডটি টপকে যান।

আইপিএলের ইতিহাসে ২০ বলের কম সময়ে ৫টি হাফ-সেঞ্চুরি করার ক্ষেত্রে নিকোলাস পুরানের পাশে বসলেন বৈভব। সামনে আছেন কেবল অভিষেক শর্মা (৬ বার)।

এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে (মাত্র ৫১৫ বল খেলে) এবং সবচেয়ে কম বয়সে (১৫ বছর ৪৩ দিন) ১০০টি ছক্কা মারার বিশ্বরেকর্ডও গড়েছেন বৈভব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading