রাশিয়ার ড্রোন আঘাত হানল রোমানিয়ায়!
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ মে, ২০২৬, আপডেট ১৪:৪৮
রাশিয়ার ড্রোন রোমানিয়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানার পর আগুন লেগে দু’জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, শুক্রবার (২৯ মে) রোমানিয়ার পূর্বাঞ্চলীয় শহর গালাতি-তে এ ঘটনা ঘটে। শহরটি ইউক্রেন ও মলদোভার সীমান্তের কাছাকাছি অবস্থিত।
এর জবাবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, রাশিয়ার ‘আগ্রাসী যুদ্ধ আরও একটি সীমা অতিক্রম করেছে’, অন্যদিকে রাশিয়ার ‘বেপরোয়া আচরণের’ নিন্দা জানিয়েছে ন্যাটো।
ইউক্রেন যুদ্ধের চার বছরে একাধিকবার রুশ ড্রোন রোমানিয়ার সীমান্ত অতিক্রম করেছে, তবে এই প্রথম ন্যাটো সদস্য দেশটির নাগরিকরা আহত হলেন। এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়া কোনো মন্তব্য করেনি।
রোমানিয়ার জরুরি পরিস্থিতি-বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনটির পুরো বিস্ফোরক বহর বিস্ফোরিত হয়ে অ্যাপার্টমেন্ট ভবনের ১০ম তলায় আগুন ধরে যায়।
দুই ব্যক্তি সামান্য আঘাত পাওয়ার পর চিকিৎসা নিয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার সময় প্রায় ৭০ জনকে ভবনটি থেকে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
এ ঘটনার পর রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর ডান দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের একটি জরুরি বৈঠক ডেকেছেন। তিনি রুশ ড্রোন হামলাকে ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ার ভূখণ্ডে সবচেয়ে গুরুতর ঘটনা’ বলে বর্ণনা করেছেন।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর দুটি এফ-১৬ যুদ্ধবিমানকে দ্রুত উড্ডয়নের জন্য পাঠানো হয়। ব্রিগেডিয়ার জেনারেল গেওর্গে ম্যাক্সিম বলেছেন, ড্রোনটি শনাক্ত হওয়ার মুহূর্ত থেকে আঘাত হানার আগ পর্যন্ত সেনাবাহিনী মাত্র চার মিনিট সময় পেয়েছিল।
জেনারেল ম্যাক্সিম বলেন, রোমানিয়ার বাহিনী বড় ধরনের সীমাবদ্ধতার মধ্যে ছিল, কারণ তারা ইউক্রেনের আকাশসীমা লঙ্ঘন করে কোনো অস্ত্র ছুড়তে পারে না। তিনি বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলছে, কিন্তু রোমানিয়া শান্তিতে আছে। আমরা ইউক্রেনের আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে পারি না।’
রোমানিয়ার সেনাবাহিনী জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে, এটি দেশটির ওপর সরাসরি হামলা নয়, বরং ‘সীমান্তে চলমান সংঘাতের প্রভাব, যার পরিণতি স্থানীয় জনগণকে ভোগ করতে হচ্ছে’।
গেল এপ্রিল মাসে একই ধরনের আরেক ঘটনায় একটি রুশ ড্রোন গালাতি শহরে বস্তুগত ক্ষতি করেছিল, তবে তখন কেউ আহত হননি।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটির ভূখণ্ডে ৪৭টি পৃথক ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যার মধ্যে শুধু চলতি বছরেই ঘটেছে ১২টি ঘটনা।
সূত্র: বিবিসি
ইউডি/রেজা

