বাউফলে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, যুবকের জেল-জরিমানা
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ মে, ২০২৬, আপডেট ১৮:৫০
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আদাবাড়িয়া বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় সাইফুল নামের এক ব্যক্তিকে মাদক সংক্রান্ত অপরাধে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক ব্যবসা, মাদক সেবন এবং মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সচেতন নাগরিকরা মাদকবিরোধী এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখা জরুরি। তাদের মতে, মাদকের বিস্তার রোধ করা সম্ভব হলে যুবসমাজকে অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সহজ হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক, চোরাচালান, অবৈধ ব্যবসা এবং জনস্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনাচ করা হবে।
উল্লেখ্য, ৩০ মে পরিচালিত এ মোবাইল কোর্টে মোট ১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং ১ জন অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয়।
ইউডি/রেজা/রুবেল

