সোনার ট্রফি ধরে রাখার মিশনে আমেরিকার বিমানে আর্জেন্টিনা দল

সোনার ট্রফি ধরে রাখার মিশনে আমেরিকার বিমানে আর্জেন্টিনা দল

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ জুন, ২০২৬, আপডেট ১৪:৫

কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। দীর্ঘ ৩৬ বছর পর ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবারের লক্ষ্যটা সেই শিরোপা ধরে রাখার। সেই লক্ষ্যে বিশ্বকাপের ভেন্যু আমেরিকার উদ্দেশে দেশ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা।

রবিবার মধ্যরাতে মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর (এসেইসা) যায় আর্জেন্টিনাকে বহনকারী জাতীয় দলের ছবি ও লোগো সম্বলিত একটি বিশেষ বাস।

প্রিয় দল ও তারকাদের এক নজর দেখতে জড়ো হয়েছিলেন কয়েকজন ভক্ত আর সংবাদমাধ্যমকর্মীরা। কিন্তু কোনোদিকে না তাকিয়েই তারা বাসটি নিয়ে সরাসরি রানওয়ের দিকে চলে যায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা বিমানের দিকে এগিয়ে যান। প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াও। এরোলিনাস আর্জেন্টিনার বিশেষ চার্টার্ড ফ্লাইট ‘এআর ১৯৭৮’এ চেপে আমেরিকার উদ্দেশে রওনা দেন আলবিসেলেস্তেরা। ১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেটিকে স্মরণ করেই এই নম্বরের ফ্লাইট।

আমেরিকার উদ্দেশে দেশ ছাড়া ২৬ জনের দল থেকে আছেন- হেরোনিমো রুইয়ি, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, এনসো ফার্নান্দেস, ভালেন্তিন বারকো, লো সেলসো, নিকোলাস পাস, হুলিয়ান আলভারেস, থিয়াগো আলমাদা, নিকোলাস গনসালেস, গিলিয়ানো সিমিওনে এবং হোসে মানুয়েল লোপেস।

১১ ঘন্টার ফ্লাইট শেষে কানসাস সিটিতে পৌঁছার কথা আর্জেন্টিনা দলের। মেজর লিগে খেলার কারণে ইতোমধ্যেই আমেরিকায় অবস্থান করা মেসি যোগ দেবেন দলের সঙ্গে অনুশীলনে।

আগামী শনিবার টেক্সাসের কাইল ফিল্ডে শনিবার হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে জর্ডান হেয়ার স্টেডিয়ামে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।

আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আগামী ১৭ জুন সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে। ২২ জুন রাত ১১টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ ২৮ জুন সকাল ৮টায়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading