ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে উত্থান, বেড়েছে লেনদেনের পরিমাণও

ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে উত্থান, বেড়েছে লেনদেনের পরিমাণও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ জুন, ২০২৬, আপডেট ১৭:০৭

ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে উত্থান, বেড়েছে লেনদেনের পরিমাণও
টানা ৭ দিনের ছুটি শেষে ঈদুল আজহা-পরবর্তী প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (সোমবার) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবগুলো মূল্যসূচকেও উত্থান হয়েছে। একই সঙ্গে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনেও গতি দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ (সোমবার) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে। দাম বৃদ্ধির এই ধারা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৭৯টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৫২টির দাম। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬ পয়েন্টে উঠেছে। আর বাছাই করা ৩০টি ভালো শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে ঈদের আগে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় শেয়ারবাজারে। ঈদের আগে টানা পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ১৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় ঈদের পরও আজ সূচকটি ৩৭ পয়েন্ট বাড়ল।

ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে মোট ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এই লেনদেন আগের কার্যদিবসের (২৪ মে) ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার চেয়ে ১৩৩ কোটি ৬৭ লাখ টাকা বেশি।

অন্যদিকে, দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৫টির দাম এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

আজ সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭১ পয়েন্টে উন্নীত হয়েছে। সিএসইতে মোট ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৮০ লাখ টাকা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading