দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ জুন, ২০২৬, আপডেট ১৯:৫৩
ইন্ডিয়ায় দিল্লির একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার একটি বহুতল ভবনে অবস্থিত ওই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক।
এক বিবৃতিতে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনের ঘটনায় আহতদের মধ্যে এখন পর্যন্ত ৫ বাংলাদেশিকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে ৩ জন ম্যাক্স হাসপাতালে ও অপর ২ জন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। হাইকমিশন সার্বক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আহতদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিবৃতিতে জানানো হয়।
হাইকমিশনের এক বিবৃতিতে শোকসন্তপ্ত সকল পরিবারের প্রতি সমবেদনা ও আহত বাংলাদেশিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
ইউডি/রেজা

