সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪
উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ জুন, ২০২৬, আপডেট ১১:৩৫
সাতক্ষীরায় তালায় ভোলানাথ সানার বাড়ি থেকে সীমানা পিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে সীমানা পিলার উদ্ধার করা হয়।
আটক ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে এবং অন্য তিনজনের একজন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ও অন্য দুইজন খুলনায় পাইকগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরে এই পিলার মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এক্সপার্ট ক্রেতারারা পিলারটি যাচাইয়ের জন্য আসবে; এমন প্রেক্ষাপটে মাটি খুড়ে পিলারটি বের করে ঘরের ভিতর রাখা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। শুক্রবার (৫জুন) রাত ১০ টায় পিলারসহ ৪ জনকে আটক করে পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টায় আমরা খবর পাই, কলাগাছিতে সীমানা পিলার বেচা-কেনা চলছে। এই খবর পেয়ে আমরা অভিযান চালাই। এসময় পিলাসহ ৪ জনকে আটক করি। তাদের জিজ্ঞাসাবাদের পর এই চক্রের সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
ইউডি/রেজা

