৩০ জুনের মধ্যে পুরোনো ভ্যাট রিটার্ন অনলাইনে না দিলে স্থিতি স্থগিত হবে
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ জুন, ২০২৬, আপডেট ১৬:৫০
জাতীয় রাজস্ব বোর্ড আগামী জুলাই থেকে অনলাইনে মূল্য সংযোজন কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করাতে যাচ্ছে। এর অংশ হিসেবে হার্ডকপিতে দাখিল করা সব মাসিক রিটার্ন অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান এখনো তাদের পুরোনো রিটার্ন অনলাইন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করেনি, তারা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত এ কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য অন্তর্ভুক্ত না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমাপনী স্থিতি মে মাস থেকে স্থগিত করা হবে।
রবিবার (৭ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে বিষয়টি জানা যায়।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, অনলাইন ব্যবস্থায় সংরক্ষণের জন্য করদাতাদের পূর্বে হার্ডকপি আকারে দাখিল করা সব মাসিক রিটার্ন অন্তর্ভুক্ত করতে ‘হার্ডকপি রিটার্ন এন্ট্রি’ নামে নতুন একটি উপ-মডিউল চালু করা হয়েছে। এ বিষয়ে গত ৫ জানুয়ারি ২০২৬ একটি পরিপত্র জারি করা হয় এবং ৩১ মার্চের মধ্যে সব রিটার্ন অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে অনলাইন ব্যবস্থার তথ্য অনুযায়ী, এখনও উল্লেখযোগ্য সংখ্যক হার্ডকপি রিটার্ন অন্তর্ভুক্ত হয়নি। এ অবস্থায় করদাতাদের সুবিধার্থে সময়সীমা আরও তিন মাস বাড়ানো হয়েছে।
রাজস্ব বোর্ড আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন অন্তর্ভুক্ত না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমাপনী স্থিতির বিপরীতে কোনো সমন্বয় করা যাবে না। একই সঙ্গে ফেরত দাবির আবেদন বিবেচনার ক্ষেত্রে শতভাগ রিটার্ন অনলাইনে থাকা বাধ্যতামূলক হওয়ায় পূর্বের সব রিটার্ন অন্তর্ভুক্ত না করলে কোনো প্রতিষ্ঠান ফেরত দাবির আবেদনও করতে পারবে না।
কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ডিজিটাল কার্যক্রমে করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
ইউডি/কেএস

