ডিএসইতে লেনদেন ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ জুন, ২০২৬, আপডেট ১৭:৪০
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৭ জুন) লেনদেন ১ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনাররা যোগ দেওয়ার পর শেয়ারবাজারে এমন ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচক ছিল ইতিবাচক ধারায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রবিবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৭পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে লেনদেন হয়েছে ৫৭ কোটি ২৩ লাখ ৮৩ হাজার টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৩ টির, কমেছে ৮০ টির এবং ৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৯ পয়েন্টে, সিএসসিএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৬৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
গত ৪ জুন (বৃহস্পতিবার) বিএসইসির নতুন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়োগ দেয় সরকার। ওই দিনেই নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারগণ কমিশনে যোগ দিয়েছেন।
ইউডি/কেএস

